শীর্ষ সংবাদ
মেঘালয়ের শিলং থেকে সালাহ উদ্দিন আহমদ কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
গত ১১ মে শিলংয়ে সন্ধান মেলার পর এই প্রথম সালাহ উদ্দিন দলের প্রধানের সঙ্গে কথা বললেন।
গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, স্ত্রী হাসিনা আহমদের মোবাইল ফোন থেকে বৃহস্পতিবার রাতে সালাহ উদ্দিন বেগম জিয়ার সঙ্গে কথা বলেন। পাঁচ-ছয় মিনিট স্থায়ী হয় তাদের আলাপচারিতা। তবে বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেছেন, ‘তিনি সালাহ উদ্দিনের সঙ্গে খুব সংক্ষেপে কথা বলেছেন। তাকে জানিয়েছেন যে তিনি (সালাহ উদ্দিন) খুব দূর্বল। কথা বলতে তার কষ্ট হচ্ছে।’
বুধবার বিকেলে শিলং সিভিল হাসপাতাল থেকে সালাহ উদ্দিনকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়। সিভিল হাসপাতালের মেডিকেল বোর্ড তাকে ওই হাসপাতালে পাঠানোর সুপারিশ করে।
ইন্দিরা গান্ধী হাসপাতালের সহকারী মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. ভাস্কর বোরগোহাইন সাংবাদিকদের বলেন, ‘গতকাল বিকেলে থেকে মূত্র প্রদাহ, হৃদরোগ, কিডনি, প্রোস্টেট ও ত্বকের সমস্যায় ভুগছেন সালাহ উদ্দিন। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’
মেঘালয় পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, পুলিশ সালাহ উদ্দিনকে যতো শিগগির সম্ভব আদালতে হাজির করাতে চায়। আর এ কারণেই সুচিকিৎসার জন্য তারা তাকে ওই বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করতে সিভিল হাসপাতালকে অনুরোধ করেন।
দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর গত ১১ মে ভারতের শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। কিন্তু তিনি কিভাবে শিলংয়ে গেলেন তা নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে যা এখনও উন্মোচিত হয়নি।
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে লুকিয়ে থেকে বিবৃতি পাঠিয়ে আসা সালাহ উদ্দিনকে গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নেয়া হয় বলে তার পরিবার দাবি করে আসছে।
হাসপাতালে সালাহ উদ্দিন স্ত্রীকে জানান, তিনি স্বেচ্ছায় ভারতে ঢোকেননি। চোখ-হাত বেঁধে তাকে শিলংয়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল।
সিলেট মেট্রোপলিটন ইউনিভাসির্টির ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে হামলার শিকার হয়েছেন সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্ত। তিনি সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক।
আহত রজতের সহকর্মীরা জানিয়েছেন ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের পারভেজ তার ওপর হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ৫-৬ জন নেতাকর্মী টিকেট ছাড়া প্রবেশ চেষ্টার সময় বাদানুবাদ করলে তাদের হামলায় ৩ আয়োজক ছুরিকাহত হবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
জানা গেছে, রজতের উপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা তার হাত ভেঙে দিয়েছে। বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলার সময় ছাত্রলীগ কর্মীরা রিকাবিবাজার এলাকায় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।
ঢাকা থেকে সিলেট হয়ে ভারতের শিলং দিয়ে গৌহাটি পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস ডিপোতে এই সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, পরীক্ষামূলক কয়েকবার যাতায়াত করার পর থেকে নিয়মিত যাত্রী সার্ভিস শুরু করা হবে। এ নিয়ে ভারতের নয়াদিল্লিতে আমার সঙ্গে ও ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন জয়রাম গাদকারি সঙ্গে বৈঠক হয়েছে।
তিনি বলেন, বৈঠকে ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিস ছাড়াও কলকাতা-ঢাকা-আগরতলা সরাসরি বাস চলাচল ও বিআরটিসির এক হাজার বাস-ট্রাক ক্রয় সংক্রান্ত দুটি চুক্তির বিষয়ে আলোচনা হয়।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দুদেশের সম্পর্ক বহুমাত্রিক, পিপল টু পিপল কন্টাক্ট বাড়াতে এ রুটে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্তভাবে বাস সার্ভিস চালুর আগে দুদেশের মাঝে একটি চুক্তি ও একটি প্রটোকল স্বাক্ষরিত হবে। এ মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হবে। আমরা আশা করছি, আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকালে এ চুক্তি ও প্রটোকল স্বাক্ষরিত হবে।
ঢাকা-গুয়াহাটি রুটে সড়ক অপ্রশস্ত। ১২ মিটারের বেশী দীর্ঘ বাস এ রুটে চলাচলের উপযোগী নয়। তাই ছোট বা মিনিবাস এ রুটে চলাচল করবে, এসব বাসের প্রতি ট্রিপে ২৬ থেকে ৩০ জন যাত্রী যাতায়াত করতে পারবে। বিআরটিসি এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।”
ঢাকা-শিলং-গুয়াহাটি ছাড়াও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস সার্ভিস চালুর বিষয়টিও দুদেশের সরকার ইতিবাচকভাবে দেখছে বলে জানান ওবায়দুল কাদের।
ইতিমধ্যে বাংলাদেশ-ভারত-নেপাল ও ভূটানের মধ্যে পরিবহন সংযোগ স্থাপনে চারদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে জানিয়ে কাদের বলেন, এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরে আগামী ১৫ জুন ভূটানের থিম্পুতে চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা বসবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজাহারুল ইসলামের নেতৃত্বে পরীক্ষামূলক বাস সার্ভিসে বিআরটিসি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ২২ সদস্যের একটি একটি প্রতিনিধিদল ভ্রমণে গেছেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের উপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদেরদের 'বাস্টার্ড' বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে ওসমানী হাসপাতালে রজতসহ হামলায় অন্যান্য আহতদের দেখতে গিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে নগরীর কবি নজরুল অডিটরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগের একটি গ্রুপের হামলায় আহত হন রজতকান্তি গুপ্ত এবং মেট্রোলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন নকিব ও মোহাম্মদ সায়মন মিয়া।
এদিকে, রজত কান্তি গুপ্তের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেলে নজরুল অডিটরিয়ামের সামনে মানববন্ধন করে সম্মিলিত নাট্য পরিষদ। হাসপাতাল থেকে অর্থমন্ত্রী অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যায় নজরুল অডিটরিয়ামে আসেন। এসময় ক্ষুব্দ নাট্য ও সংস্কৃতিকর্মীরা বৃহস্পতিবারের হামলার ঘটনায় প্রতিবাদী প্লে কার্ড প্রদর্শন করেন।
ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের মৃত্যুর পর স্বস্তি নেই সিলেটে। প্রগতিমনাদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে মৃত্যু। ইতিমধ্যে প্রকাশ্য সমাবেশেই কয়েকজন ব্লগার ও প্রগতিমনা আশঙ্কার কথা জানিয়েছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের খুন হচ্ছে পরিবারে। অভাবের তাড়নায় কেউ কেউ গলায় দিচ্ছেন ফাঁস। প্রেমের ছ্যাঁকা খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে কেউ। এভাবেই সিলেটে প্রতিনিয়ত আসছে মৃত্যুর খবর। লাশ উদ্ধারেও পুলিশের গলর্দগম অবস্থা। নানা কারণে হচ্ছে মৃত্যু।
এসব মৃত্যুতে সিলেটে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। খুনের ঘটনায় ক্ষুব্ধরা মাঠে নেমেছেন আন্দোলনে। তবে, পুলিশ বলছে, এই লাশ উদ্ধারের ঘটনায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটি বলা যাবে না। এর কারণ হিসেবে তারা বলেন, অনেকেরই মৃত্যু হচ্ছে প্রেম, পারিবারিক কিংবা অন্য কারণে। মে মাসে সিলেটে দুটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এর মধ্যে ১২ই মে ঘটে গেল ব্লগার অনন্ত বিজয় দাশ খুনের ঘটনা। এ ঘটনায় শুধু সিলেটই নয় গোটা দেশেও আলোড়ন তুলেছে। প্রতিবাদে সরব হয়ে উঠেছে রাজপথ। আর অপরটি হচ্ছে নগরীর সওদাগরটুলায় স্ত্রীর হাতে তাবলীগ জামায়াতের আমীর খুনের ঘটনা। লোমহর্ষক ও নির্মমভাবে খুন করা হয় ইব্রাহিম আবু খলিল নামের ওই ব্যক্তিকে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ১লা মে থেকে ২১শে মে পর্যন্ত সিলেটে অনন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এতে দুদিনে গড়ে একটি করে লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। ব্লগার অনন্ত বিজয়সহ খুন হয়েছেন ৬ জন ও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ৫টি লাশ। ১২ই মে সকালে সিলেটের বনকলাপাড়া নুরানী দিঘীর পাড়ে মুখোশধারী ৪ দুর্বৃত্ত নির্মমভাবে কুপিয়ে খুন করে ব্লগার ও মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশকে। খুনের ঘটনার পর পুলিশসহ সরকারের সব কটি বাহিনীর সদস্যরা অনুসন্ধান শুরু করে। ঘটনার প্রায় ১০ দিন হতে চললেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
অন্যদিকে, ব্লগার অনন্ত খুনের ঘটনার পর সিলেটজুড়ে আন্দোলন শুরু হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা খুনিদের গ্রেপ্তার দাবিতে আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে চলছে লাগাতার আন্দোলনও। গতকাল এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি পালন করা হয়। অনন্তের খুনের ঘটনার পর ১৮ই মে নগরীর সওদাগরটুলায় স্ত্রী ফাতেমার হাতে খুন হন স্বামী ইব্রাহিম আবু খলিল। এ ঘটনায় পুলিশের হাতে আটক নিহতের স্ত্রী ফাতেমা মাকশুরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
১৬ই মে শনিবার নগরীর কাস্টঘর সুইপার কলোনিতে মাদকসেবীদের হাতে পরিচ্ছন্নতাকর্মী সিকন্দর লাল খুন হন। নিহতের ভাই বাবুল লাল বাদী হয়ে ৪ মাদকসেবীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। এর পরের দিন সন্ধ্যায় কাষ্ঠঘর এলাকায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
১০ই মে মহানগরীর দক্ষিণ সুরমায় মাদকসেবনের জের ধরে পারভেজ (২২) নামের এক যুবক খুন হন। এ ঘটনায় তাৎক্ষণিক ২ অপরাধীকে আটক করা হলেও অন্যদের এখনও আটক করা সম্ভব হয়নি। গত ২রা মে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে রমজান মিয়া (১৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় পুলিশ ধারণা করে অভাবের কারণে আত্মহত্যা করেছে সে।
৬ই মে নগরীর হাউজিং এস্টেট এলাকায় আজাদ উদ্দিন মিঠু (২৮) নামের এক যুবক ৬ তলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মারা যায়। একই দিনে নগরীর জালালাবাদে বাসার স্টোররুমে তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি আতিকুর রহমান (৩৮) নামের একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ৮ই মে এসএমপির জালালাবাদে স্বপ্না বেগম (৩৫) নামের এক গৃহবধূ সিওমেকে চিকিৎসাধীন অবস্থায় রহসজন্যক মৃত্যু হয়।
১৯শে মে নগরীর হাওয়াপাড়া এলাকায় মরিয়ম বেগম (২৩) নামের এক গৃহকর্মী লাশ উদ্ধার করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমতুল্লাহ জানিয়েছেন, ব্লগার অনন্ত বিজয়ের খুনিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, ঘটনার পর পুলিশ তৎপর রয়েছে। তিনি বলেন, সিলেটের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। পারিবারিক কারণে হত্যাসহ অন্যান্য কারণে যারাই খুন হয়েছে পুলিশ মোটিভ উদ্ধারে তৎপর রয়েছে।
এদিকে ২১মে সিলেট সদর উপজেলার লামাকাজি নোয়াগাঁওয়ে বাড়ির সীমানা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রজব আলী (৫৫) মৃত্যু হয়েছে। তিনি নোয়াগাঁওয়ের মৃত তাহির আলীর ছেলে।
সিলেটে দরপত্র ছাড়াই ফুটওভার ব্রিজ নির্মাণ করছে সিটি করপোরেশন। বৃহস্পতিবার বিকেল ৪টায় দুপুরে এই ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সিসিক সূত্র জানায়, ফুটওভার ব্রিজ নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদ মার্কেট ও মধুবন মার্কেটের সামনের সড়কে ব্রিজটি নির্মাণ করা হবে।
তবে অল্প পরিসরের রাস্তার ওপর নির্মিতব্য এই ফুটওভার ব্রিজ নগরবাসীর কতটুকু কাজে লাগবে এ নিয়ে এখনই বিতর্ক শুরু হয়ে গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই ব্রিজ হবে ছিন্নমূল মানুষের শোবার স্থান। নতুন অবস্থায় মানুষের আকর্ষণ থাকলেও সময়ের ব্যবধানে এটি হেরোইন ও গাঁজা সেবীদের আড্ডাখানায় পরিণত হবে। সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ছোট পরিসরের এই স্থানে ফুটওভার ব্রিজ স্থাপন নিয়ে ২/৩ মাস আগে অনানুষ্ঠানিক এক আলোচনায় প্রশাসনের লোকদের সঙ্গে কথাবার্তা হয়েছে।
‘নগরবাসী এটা ব্যবহার না করলে অনেক সময় হকারের দখলে চলে যেতে পারে। আবার বাজে লোকের আড্ডাখানাও হতে পারে,’ মনে করেন তিনি।
সুশাসনের জন্য নাগরিক (সনাক) সিলেট অঞ্চলের সভাপতি ফারুক মাহমুদ বলেন, যেহেতু সিলেটে এটা প্রথম ফুটওভার ব্রিজ, তাই ভেবে চিন্তে করা উচিৎ।
সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফুটওভার ব্রিজ নির্মাণ করা
অর্থমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ছিল। প্রথম দফায় তিনি এ কাজটি বাস্তবায়ন করতে না পারলেও দ্বিতীয় দফায় তা করতে সফল হয়েছেন। তবে এ কারণে জন্য জনদুর্ভোগ বাড়বে না কমবে, তা বিবেচনা করেই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
সিসিক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, সরকারি প্রতিষ্ঠান কাজ করলে বিনা টেন্ডারেই করার এখতিয়ার আছে। এক কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে শিল্প মন্ত্রণালয়ের জিটুজি প্রকল্পের মাধ্যমে ফুটওভার ব্রিজের কাজ হবে।
তবে ব্যয় বাড়ার সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য দুই কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে। জুন মাসের শেষ দিকে এর কাজ সম্পন্ন হবে।
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
যেসব রোগের মহৌষধ থানকুনি পাতা
থানকুনি আমাদের দেশে প্রয়োজনীয় ও গুণসম্পন্ন একটি উদ্ভিদ। থানকুনি পাতা দেশের সর্বত্র পাওয়া যায়। চিকিৎসার অঙ্গনে থানকুনি পাতার অবদান অপরিসীম। প...
মায়ের সঙ্গে ক্যামেরার সামনে অনন্ত জুনিয়র
জুনিয়র অনন্তকে নিয়ে আবারও ক্যামেরার সামনে এলেন ‘নিঃস্বার্থ ভালোবাসা’ খ্যাত বর্ষা। প্রোডাকশন হাউস ‘মনসুন ফিল্মস’ আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে আ...
ভিডিও গেইমসে বাড়ে স্নায়ুরোগের ঝুঁকি
অনেকেরই দীর্ঘসময় ভিডিও গেইমস খেলে থাকেন। দীর্ঘ সময় ধরে ভিডিও গেইমস খেলার কারণে স্নায়ুবিক সমস্যা যেমন আলসাইমার’স রোগ হওয়ার ঝুঁকি রয়েছে। গবেষক...
কফি দূর করতে পারে যৌন নিষ্ক্রিয়তা
প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খেলে যৌনজীবনে উদ্দীপনা আসে। ইউনিভার্সিটি অব টেক্সাসের এক দল গবেষক নতুন এক গবেষণায় এ তথ্য জানান। ওই বিশ্ববিদ্যা...
পাকা আমের সুস্বাদু জুস
পাকা আমের মিষ্টি স্বাদ করা না পছন্দ। তবে পরিবেশনের পার্থক্যে স্বাদের কিছুটা ভিন্নতা পায়। পাকা আম কেটে খেলে যে স্বাদ পাবেন জুসে পাবেন তার থেক...





